ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের রগ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ওই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই নাজমুল হোসেন বলেন, ‘আমরা তিন ভাই তিন বছর ধরে চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করছি। গত ১৭ রমজান ঈদের ছুটিতে গ্রামের বাড়ি জগৎসারে আসি। আজ চট্টগ্রামে ফেরার কথা ছিল। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে জাহিদুলের খোঁজ পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে, তা আমরা জানি না। এ ঘটনার বিচার চাই।’
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ‘জাহিদুলের বাবা অটোরিকশাচালক। তার চার ছেলে। জীবিকার তাগিদে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল জাহিদুল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকালে গ্রামের একটি পুকুরে লাশ পাওয়া যায়।’
ওসি আরও বলেন, ‘জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। দুই হাতের রগ কেটে ফেলা হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’