নোয়াখালীর সেনবাগে এসএসসির ব্যবসায় শিক্ষার পরীক্ষায় প্রক্সি দিতে যাওয়া হাসিবুর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ মে) দুপুরে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দক্ষিণ কাদরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ফেনীর দাগনভূঞার ইকবাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আশরাফুর রহমান নামে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তার এক বন্ধুর পরীক্ষা দিতে গিয়েছিলেন।
ইউএনও নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে অন্যের প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। পরে তাকে সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আশরাফুর রহমানকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।