নোয়াখালী হাতিয়ায় একটি মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্বার করা হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেকিম মার্কেটের পাশে একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর আগে শুক্রবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।
নিহত দুই শিশু হলো- উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকার আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
নিহতদের স্বজনরা জানান, শুক্রবার খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রবিবার সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেয়।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হানান জানান, সকালে শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে জানায়। প্রাথমিকভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।