জ্বর নিয়ে পুকুরে নেমে জীবিত উঠতে পারেননি রবিন

কয়েকদিন দিন ধরে জ্বর। তাপমাত্রায় উত্তপ্ত শরীরটি নিয়ে পুকুরে গোসল করতে নামেন ছাত্রলীগ কর্মী শহিদুল ইসলাম রবিন (২৭)। তবে জ্বর শরীরে পুকুরে নামলেও সেখান থেকে আর জীবিত উঠতে পারেননি। পানিতেই নিথর হয়ে পড়া রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে।

রবিন সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া সেনবাগ উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 

জানা গেছে, বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়ে ঢাকা থেকে নোয়াখালী আসেন। আজ সকালে তাদের নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুব দেয়। দীর্ঘক্ষণ না ওঠায় পুকুরের অপর পাড়ে থাকা তার মা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, পানিতে গোসল করতে নেমে সেখানে স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

থানার ওসি ইকবাল হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।