ট্রেনের ছাদে করে যাচ্ছিলেন মাজারে, ইন্টারনেটের তার পেঁচিয়ে পড়ে মৃত্যু

ট্রেনের ছাদে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর মাজারের ওরসে যাওয়ার সময় গলায় তার পেঁচিয়ে ওপর থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মাঈন উদ্দিন (৪৫)। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রুক্কু মিয়ার ছেলে। আহতের নাম জগৎ মিয়া (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে আখাউড়া খড়মপুর কেল্লা শাহ্ মাজারে বার্ষিক ওরস শুরু হয়েছে। ওরস উপলক্ষে ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় ছিল।

শুক্রবার রাতে মাঈন উদ্দিনসহ কয়েকজন আখাউড়ায় খড়মপুর মাজারে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে যাত্রা করেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রাবিরতি শেষে সরকারি কলেজ রেলগেট এলাকা অতিক্রম করে যাচ্ছিল। 
এ সময় ছাদে বসা মাঈন উদ্দিন ও জগতের গলায় ব্রডব্যান্ড ইন্টারনেটের তার পেঁচিয়ে চলন্ত ট্রেন থেকে তারা নিচে ছিটকে পড়েন। এ ঘটনায় মাঈন উদ্দিনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুই জনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাতেম আলী ভূঁইয়া বলেন, ওরসের কারণে ট্রেনের ছাদের ওপর অনেক মানুষের ভিড় ছিল। আমরা চেষ্টা করেও তাদের ছাদ থেকে নামাতে পারিনি।