পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘এবারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি প্রধানমন্ত্রী খোঁজখবর রাখছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক। তারপরও সবাইকে ঘুরে দাঁড়ানোর জন্য একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে বান্দরবানের পৌর এলাকার ৯ ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এবারের বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে এ অঞ্চলের মানুষের অনেক সময় লাগবে। বর্তমান সরকার সব মানুষকে যতটুকু সম্ভব সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমসহ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় জনসাধারণরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারে পৌর এলাকার ৯ ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।