বান্দরবানে ইউসুফ নামে এক ইটভাটার ম্যানেজারকে অপহরণে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার সদরের কুহালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলং এলাকার মাহাবুব ব্রাদার্স নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মকছুদ কোম্পানি বলেন, রাত ৯টায় তার ইটভাটায় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে ম্যানেজার ইউছুফকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী কুহালং-বটতলী সড়কের সোনাইছড়ি লেকের দিকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
তিনি আরেও বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় একদল ডাকাত অবস্থান করছে। ওই ডাকাত দলই অপহরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা শ্রমিকদের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যার পর মাহাবুব ব্রাদার্স ইটভাটার ৬-৭ শ্রমিক ক্যামলং পাড়া চায়ের দোকানে চা খেতে যান। ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ৭-৮ সশস্ত্র সন্ত্রাসী একে একে সব শ্রমিককে অস্ত্রের মুখে রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে ম্যানেজার ইউছুফকে মোটরসাইকেলে করে সোনাইছড়ি লেকের দিকে নিয়ে যায়।
বান্দরবান সদর থানা ওসি এস এম শহীদুল ইসলাম জানান, অপহরণের বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।