আমদানির খবরে পাইকারিতে কমছে আলুর দাম

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। বুধবার (১ নভেম্বর) খাতুনগঞ্জের আড়তে প্রতি কেজি পেঁয়াজে কমেছে ৬ থেকে ১১ টাকা। আর প্রতি কেজি আলুতে কমেছে ৪ থেকে ৫ টাকা করে। তবে পাইকারিতে কমলেও খুচরায় এর প্রভাব পড়েনি।

খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার খাতুনগঞ্জের আড়তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৯৪ টাকা থেকে ৯৫ টাকায়। একই পেঁয়াজ একদিন আগে মঙ্গলবার বিক্রি হয় ১০০ টাকা থেকে ১০৫ টাকায়। একইভাবে বুধবার প্রতি কেজি আলু বিক্রি হয় ৩৯ টাকা থেকে ৪০ টাকায়। এর আগের দিন মঙ্গলবার ৪৬ টাকা থেকে ৪৮ টাকায়।’

খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আলু আমদানির খবরে কমতে শুরু করেছে। একইভাবে আমদানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজও কমতে শুরু করেছে। ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে। মিয়ানমারের পেঁয়াজ দেশে এলে দাম আরও কমবে।’

এদিকে, পাইকারিতে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকায়। একইভাবে আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকায়।