নারীকে হাত বেঁধে নির্যাতনের অভিযোগে ৪ জন আটক

বান্দরবা‌ন পৌরসভার বনরূপা পাড়ায় জমি সংক্রান্ত বি‌রো‌ধের জেরে এক নারী‌কে ঘ‌রে ঢু‌কে হাত বেঁধে নির্যাতনের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনরূপা পাড়া ২ নম্বর গলি এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড  বনরূপা এলাকার বাসিন্দা মৃত মোহন বাশি দাশের ছেলে অজিত দাশ (৫৫), তার দা‌শের স্ত্রী রিতা দাশ, লিটন দাশের স্ত্রী রিনা দাশ ও অজিত দাশের ছেলে অভি দাশ।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, নির্যাতনের শিকার ওই নারীর বাসায় চিৎকার শুনে ছুটে গি‌য়ে দেখা যায়, জমি সংক্রান্ত শত্রুতার জেরে অজিত দাশ, অজিত দাশের ছেলে অভি দাশ, রিনা দাশ, রিতা দাশসহ ১০-১২ জন লোক বাড়ির ভেতরে ঢু‌কে চুলের মুঠি ধরে টেনে বাড়ির উঠোনে এনে রশি দিয়ে হাত বেঁধে বিবস্ত্র ক‌রে মারধর করছে। এ সময় বটি দিয়ে তার মাথার চুলও কেটে দিয়েছে।

এ ছাড়া বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র ঘর থেকে বের ক‌রে নি‌য়ে আসে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে।

বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় চার জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের  বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়াধীন।