চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন, কারণ তদন্তে কমিটি গঠন

চট্টগ্রাম নগরীতে হেলে পড়েছে একটি বহুতল ভবন। ‘খোরশেদ ম্যানসন’ নামে চারতলা ভবনটি পাশে থাকা একটি পাঁচতলা ভবনের ওপর হেলে পড়ে। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট হেলে পড়া ভবন এবং পাশের মোট পাঁচটিসহ মোট ছয়টি ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বায়েজিদের পশ্চিম শহীদ নগর, তৈয়্যবিয়া হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়েজিদে খোরশেদ ম্যানসন নামে একটি চারতলা ভবন হেলে পড়েছে। পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে সেটি হেলে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পাঁচতলা ভবনসহ পাশের আরেকটি চারতলা ভবনে ফাটল ধরে। এ কারণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হেলে পড়া ভবনসহ মোট ছয়টি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।’

তিনি বলেন, ‘হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ভবন হেলে পড়ার কারণ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সিএমপি প্রতিনিধি, সিডিএ প্রতিনিধি, সিটি করপোরেশন প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণপূর্ত বিভাগের প্রতিনিধিকে রাখা হয়েছে।’