১২৫ টাকায় পেঁয়াজ বিক্রির অনুরোধ চট্টগ্রাম জেলা প্রশাসকের

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘চাকতাই-খাতুনগঞ্জসহ পুরো চট্টগ্রামে আড়তদার তথা দোকানিদের কী পরিমাণ পণ্য মজুত রাখার গুদাম আছে, এগুলোর বিষয়ে জেলা প্রশাসনকে তথ্য দিতে হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করবো। তালিকা ছাড়া কোনও গুদামে মালামাল পেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলার আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ হুঁশিয়ারি দেন।

১২০ থেকে ১২৫ টাকার মধ্যে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রির অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘৯০ টাকায় আনা পেঁয়াজ সব খরচ বাদ দিলে এ টাকার চেয়ে বেশি হওয়ার কথা নয়।’ পাশাপাশি রসিদ ছাড়া কোনও প্রকার বেচাকেনা না করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।

জেলা প্রশাসক বলেন, ‘এ মুহূর্তে সাধারণ ক্রেতারা যাতে প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনে মজুত না করেন।’ পাশাপাশি একসঙ্গে এক-দুই কেজির বেশি পেঁয়াজ না কেনার জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ‘চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জের আড়তদারগণ কমিশনের ভিত্তিতে পেঁয়াজ বিক্রি করে থাকেন। মূলত পেঁয়াজ ব্যবসা নিয়ন্ত্রণ করে আমদানিকারকগণ। তারা যে টাকায় বিক্রি করতে বলেন আমাদের সে টাকায় বিক্রি করতে হয়।’

তারা আরও বলেন, ‘ভারত পেঁয়াজ রফতানি বন্ধের অন্তত এক-দুই সপ্তাহ আগে উদ্যোগ নিলে এ সমস্যার সৃষ্টি হতো না। এতদিনে বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা যেত।’

মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহীধ সিরাজ স্বপন, চাকতা-খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, চাকতাই আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহসাধারণ সম্পাদক মো. আহসান খালেদসহ একাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।