আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ৪ জনকে গুলি করে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে লোগাং-এর অনিল পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি শফিউল আলম।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হচ্ছেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপির) সাবেক সভাপতি বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিন ত্রিপুরা।

এছাড়া এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিন জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গেছে, লাশ উদ্ধার করে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।