কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলীর রোহিঙ্গা ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর চার জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা করার জন্য জামতলী ক্যাম্পের একটি ঘরে গোপন বৈঠক করছিল সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি দেখে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, কার্তুজসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’