লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সমন্বয়ককে চড় মারলেন যুবক

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের (ঈগল) প্রধান নির্বাচনি সমন্বয়ক শেখ ফায়িজ উল্যাহ শিপনকে প্রকাশ্যে চড় মেরে পালিয়ে গেছেন এক যুবক। এ সময় তার দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে চড় দেওয়া যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শিপন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কাপিলাতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ৯টি দফতরে অভিযোগ করেন ভুক্তভোগী।

শিপনকে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, যুবক জনসমক্ষে শিপনকে চড় দিয়ে পেছনে হেঁটে চলে যাচ্ছিলেন। এ সময় শিপনের নেতাকর্মীরা তাকে ধাওয়া করেন। ঘটনাস্থলে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামও উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে শিপন বলেন, ঈগল প্রতীকের নির্বাচনি প্রচারণাকালে ঘটনাস্থলে নৌকার কর্মীরা শিপনের ওপর হামলা করে। এতে তিনি শারীরিকভাবে আহত হন। এ সময় রাসেল নামে এক কর্মী আহত হন। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় ঈগল প্রতীকের নির্বাচনি প্রচারণার কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ হামলা চালিয়ে নৌকার কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে নির্বাচন কমিশনসহ ৯টি দফতরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে ২৯ ডিসেম্বর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকার বাসিন্দা। ২০২১ সালের ২১ জুন উপনির্বাচনে শিপন লাঙ্গল মার্কায় ভোট করে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে হেরে যান।

এ বিষয়ে শেখ ফায়িজ উল্যাহ শিপন বলেন, হামলা চালিয়ে আমাকেসহ আমাদের কর্মীকে আহত করেছে। প্রচারণা চালানোর মতো সুষ্ঠু পরিস্থিতি নেই। আমি এ ঘটনায় নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছি।

নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে শিপনের দ্বন্দ্ব রয়েছে। এ জন্য তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এ ঘটনা তাদের দলের লোকজন ঘটাতে পারে। তবে এর সঙ্গে আমার দলের কোনও নেতাকর্মী জড়িত নেই।

লক্ষ্মীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বলেন, ভুক্তভোগী শিপন লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমরা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।