প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সারাদেশের বিচারক সংকট ও বিচারকদের বসার ভবনসহ সব সংকট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। শিগগিরই সব সংকট কেটে যাবে। আর বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সবাই মিলে কাজ করতে হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে ৫১ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণে বসার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবন নির্মাণ করা হয়েছে।
এসময় প্রধান বিচারপতি আরও বলেন, দ্রুত সময়ে বিচারপ্রার্থীরা যাতে আদালতে বিচার পান এবং বিচার পেতে এসে যাতে কোনও ভোগান্তি পোহাতে না হয় সেজন্য দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ ভবনের কাজ চলমান রয়েছে। এসব ভবনের কাজ শেষ হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
এসময় বান্দরবানে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া, চিফ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক মো.শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. সৈকত শাহীনসহ বিভিন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।