নোয়াখালীতে সিনিয়র-জুনিয়র বিরোধে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, যুবক নিহত

নোয়াখালী সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন সৌরভ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ছুরিকাঘাতে চার জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন সৌরভ ওই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. আউয়াল হোসেন সবুজের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের রতনপুনর গ্রামের জাফর আহমদের ছেলে নাজিম উদ্দিন (১৮), মনির হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রিয়াজ (২১) এবং হারুনুর রশিদের ছেলে মো. রাকিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঁধেরহাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এ নিয়ে নিজেদের মধ্যে মারামারি হতো। বিরোধকে কেন্দ্র করে রবিবার দুপুরে সিনিয়র-জুনিয়র গ্রুপের সদস্যদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের ১৫-২০ জন সংঘর্ষে জড়ায়। এ সময় সাজ্জাদ, নাজিম, রাকিব, রিয়াজ ও রাকিবকে ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর চার জনের মধ্যে তিন জন; নাজিম, রাকিব ও রিয়াজকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। বাকি একজন নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জেনেছি, কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কোন গ্রুপের ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।’