প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা

দ্বিতীয় ধাপে হতে যাওয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ইমরান খানকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের (মোটরসাইকেল) অভিযোগ পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন হবে। এ উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান খানকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে কমলনগরের (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ১২টি দফতরে দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার জানান, রায়পুরের ইউএনও ইমরান খান লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের ঘনিষ্ঠ। নির্বাচনে অন্য প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ (আনারস)। তিনি সম্পর্কে এমপি নয়নের ভগ্নীপতি। এ জন্য উপজেলা পরিষদ নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন।