নিখোঁজের দুই দিন পর ডোবায় ভেসে উঠলো শিশুর লাশ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর মনির (১২) নামে এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) বিকালে নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এই শিশু চান্দগাঁও থানাধীন খরমপাড়া এলাকার মিজান হোসেনের ছেলে।  

চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক বলেন, নিখোঁজের দুই দিন পর মনির নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিকালে চান্দগাঁও থানাধীন নূরনবী হাউজিং সোসাইটির পেছনে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুর লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কীভাবে শিশুটি মারা গেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার (২৬ মে) মনির কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। রাতে বাসায় ফিরে না আসায় তার মা হালিমা আক্তার খোঁজাখুঁজি করেন। সোমবার ছেলে নিখোঁজের বিষয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বিকালে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটারের ডোবায় লাশ পাওয়া যায়।

ওসি আরও জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, খেলতে খেলতে ড্রেনের রেলিংয়ের ওপর দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে রেলিংয়ের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়।