গ্রেফতারের পর স্ত্রী-সন্তানসহ কারাগারে সাবেক এমপি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে স্ত্রী-সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী আয়েশা ফেরদাউস ওই আসনের সাবেক সংসদ সদস্য এবং ছেলে আশিক আলী অমি হাতিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকালে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে তার স্ত্রী ও ছেলেসহ কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে গত রবিবার ভোরে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাদের হেফাজতে নেয় নৌবাহিনী। পরে থানায় সোপর্দ করলে আদালতে তুলেছিল পুলিশ।

হাতিয়া থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান আদালতে পাঠানো প্রতিবেদনে জানান, মোহাম্মদ আলী (৬৮), তার স্ত্রী আয়েশা ফেরদাউস (৬২) ও ছেলে আশিক আলী অমি (৪২) স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও উপেজেলা চেয়ারম্যান। তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনসহ হাতিয়া উপজেলার সাধারণ জনগণের মৌলিক অধিকার গর্ব করেছেন। তারা হাতিয়ার বিভিন্ন হাটেঘাটে নিজেদের যানবাহনে লোকজনকে পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়সহ লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। স্বৈরাচারী সরকারের পতনের পর এলাকায় অবস্থান করে পুনরায় দলীয় লোকজনের মাধ্যমে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির পাঁয়তারা করায় নৌবাহিনী তাদের আটক করে। গুরুতর অপরাধ ও নৈরাজ্য সৃষ্টি করার সন্দেহে তাদের ৫৪ ধারায় গ্রেফতার করে হেফাজতে নিয়ে আদালতে তোলা হয়েছে।