গুজব না ছাড়িয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
সাজিদুর রহমান বলেন, ‘কেউ যদি সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়িঘর, জমি এবং সম্পত্তি দখল করে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। বছরের পর বছর ধরে আমরা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করছি। দেশের কোথাও কোনও সনাতন ধর্মাবলম্বী আক্রান্ত হলে আমরা প্রতিরোধ করবো। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় কোনও সংখ্যালঘু আক্রান্ত হতে পারবে না, আক্রান্ত হতে দেবো না। আমরা সব ধরনের সহযোগিতার জন্য তাদের পাশে আছি এবং থাকবো। কেউ ক্ষতি করতে চাইলে সাবধান হয়ে যান। আরেকটা বিষয়, এখানে কেউ সংখ্যালঘু নেই। আমরা সবাই এদেশের নাগরিক। সবাই মিলে দেশটাকে গড়বো। দেশের সংস্কার করবো। সুখে-দুঃখে একে-অপরের পাশে থাকবো।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমীসহ সংগঠনের নেতৃবৃন্দ।