চট্টগ্রামে উল্টোপথে আসা প্রাডো পাজেরো জিপ গাড়িকে সিগন্যাল দেওয়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে পিটিয়ে রক্তাক্ত করেছে চালক। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর খুলশী থানাধীন ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী গাড়িচালক মো. রফিকুল আলমকে আটক করার পাশাপাশি তার প্রাডো পাজেরো জিপটিও জব্দ করা হয়েছে।
নগরীর খুলশী থানায় হামলাকারী গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ গাড়ি খুলশী ১ নম্বর রোডে উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দায়িত্বরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগন্যাল দেয়। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়িচালক পুলিশ কনস্টেবলের শার্টের কলার ধরে মারধর করে রক্তাক্ত করে। এ সময় পুলিশ কনস্টেবলের পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে উপস্থিত শিক্ষার্থীদের সহযোগিতায় চালকসহ গাড়িটিকে আটক করে খুলশী থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়। আহত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলার প্রস্তুতি চলছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী গাড়িচালক মো. রফিকুল ইসলাম সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কোনও কারণ ছাড়াই পুলিশ কনস্টেবলের ওপর হামলা করে আহত করার ঘটনায় তাকে কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা হয়েছে।