চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন এশিয়ান পেইন্টস কারখানার শ্রমিকরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে কারখানার সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান লিখে চাকরি স্থায়ীকরণের দাবি জানান। প্ল্যাকার্ডে দেখা যায়, ‘আমরা সবাই বিবেকবোধ, বৈষম্যকে করবো রোধ; এক দফা এক দাবি চাকরি স্থায়ীকরণ করতে হবে’ স্লোগান। বিক্ষোভ সমাবেশে কারখানায় কর্মরত ৮৫ জন শ্রমিক অংশ নেন।
সমাবেশে কারখানার অপারেটর নাজিমউদ্দিন নয়ন, ইমাম হোসেন, ইকবাল হোসেন, নিশান, জহির উদ্দিন ও কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
নাজিমউদ্দিন নয়ন বলেন, ‘এশিয়ান পেইন্টস কারখানায় আমরা তিন বছর ধরে কাজ করে আসছি। কিন্তু স্থানীয় বাসিন্দা বলে আমাদের চাকরি স্থায়ী না করে উল্টো তৃতীয়পক্ষের মাধ্যমে বহিরাগতদের নিয়োগ দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। অথচ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দিয়েছেন আমাদের বাপ-দাদারা। আমাদের দাবি, চাকরি স্থায়ী করতে হবে। যতদিন দাবি মানা হবে না, ততদিন কর্মবিরতিতে থাকবো আমরা।’
শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে এশিয়ান পেইন্টস কারখানার মানবসম্পদ কর্মকর্তা রুহুল আমিন বাবুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।