চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আন্দোলনের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই শিক্ষার্থীর বহিষ্কার দাবি

ছাত্র আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের বিরুদ্ধে উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট দেওয়া সেই জান্নাতুল ফেরদৌস মুন্নিকে বহিষ্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মুন্নিকে বহিষ্কারের দাবিতে নানা স্লোগান দিতে দেখা গেছে। তাকে বহিষ্কার করা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা। অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের গঠিত শৃঙ্খলা কমিটির কাছে একটি লিখিত আবেদন জানানো হয়েছে।

অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস মুন্নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ প্রসঙ্গে আহসান হাবীব লিয়ন নামে চবি বাংলা বিভাগের শিক্ষার্থী বলেন, ‘জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্নি ছাত্রলীগের দোসর হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে মৌন সম্মতি এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়াতে হুমকি দিয়ে আন্দোলনকে ব্যাহত করতে চেষ্টা করছিল। তাই মুন্নিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। যদি প্রশাসন বহিষ্কার না করে আমরা আরও কঠোর অবস্থানে যাবো।’

এ প্রসঙ্গে সম্প্রীতি ও শৃঙ্খলা উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, ‘এক ছাত্রীর বিরুদ্ধে এরকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করে আলোচনা মাধ্যমে ব্যবস্থা নেবো।’

এর আগে, গত ২০ অক্টোবর অভিযুক্ত মুন্নি প্রথম বর্ষের সমাপনীর ১০১ নম্বর কোর্সের পরীক্ষা দিতে আসলে সহপাঠীরা পরীক্ষা বর্জন করে বিভাগের সভাপতির কক্ষের সামনে অবস্থান নেন। এ সময় মুন্নি পরীক্ষায় বসলে তারা পরীক্ষা না দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া শিক্ষার্থীরা প্রক্টর বরাবর গণস্বাক্ষর-সংবলিত স্মারকলিপিও দেন।