মীরসরাই পৌরসভার সাবেক মেয়রের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শাহজাহানের (৫৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কমলদহ বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

আহত অবস্থায় উদ্ধার করে তাকে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

শাহজাহানের ভাতিজা মোহাম্মদ আলী দাবি করেন, রবিবার দুপুরে মীরসরাই পৌর সদর থেকে শহরে যাচ্ছিলেন। পথে কমলদহ বাজারে জোহরের নামাজ ও ড্রাইভার হোটেলে খাবার খেতে যান। এ সময় ৮-১০ জনের একটি গ্রুপ ওনার ওপর অতর্কিত হামলা করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। বাঁ পা ভেঙে গেছে। এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার বিষয়টি আমি অবগত নই। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।