মিয়ানমার থেকে আসা মাদক গভীর সাগরে উদ্ধার, ৬ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় একটি নৌকা জব্দ ও ৬ পাচারকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার নুর হাবিবের ছেলে ফয়সাল (২০), আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুরবিল এলাকার ওয়াসকরনীর ছেলে জসিম উদ্দিন (২১) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নাফ নদের মোহনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আসা নৌকায় করে মাদকের চালান পাচারের খবরে গভীর সমুদ্রে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে নৌকাসহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, সামান্য পরিমাণ গাঁজা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।