বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সংগঠক শওকত ওসমানকে ছাত্রলীগ বলে ‘মব’ তৈরি করে মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিউশন করে বাসায় ফিরেছিলেন শওকত। মিমি সুপার মার্কেটের সামনের গলিতে তাকে পেয়ে ছাত্রলীগ বলে লোকজন জড়ো করেন নগরের ওমর গণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মির্জা ফারুকসহ কয়েকজন। সেখানে তারা শওকতকে মারধর করেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে শওকতকে উদ্ধার করে পাঁচলাইশ থানায় আনে পুলিশ। সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় মামলা করেন শওকত।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক শ্রীধাম শীল জানিয়েছেন, এমইএস কলেজ ছাত্রদল নেতা মির্জা ফারুক ও তার সহযোগীরা ঘটনায় জড়িত। তাদের আসামি করে থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফারুক সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের এক ছেলের সঙ্গে চেহারায় মিল থাকায় শওকত ওসমানকে মারধর করা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মির্জা ফারুকসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’