চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদকে (৭৭) মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সাবেক সেনাপ্রধানের মরদেহ পাওয়া যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন রবিবার (৩ আগস্ট) বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিকাল ৪টায় তিনি চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত পৌনে ১১টায় ফেরেন।
এম হারুন-উর-রশীদ ২০০৬ সালে বিতর্কিত ডেসটিনি গ্রুপে প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ডেসটিনির বিরুদ্ধে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করা হয়। পরে স্বাস্থ্য এবং সামাজিক অবস্থা বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়।
ডেসটিনি-২০০০ লিমিটেড এমডি রফিকুল আমিন বলেন, ‘আজ সোমবার চট্টগ্রামে একটি মামলায় আদালতে হাজিরা ছিল। এজন্য আমাদের চট্টগ্রামে আসা। আদালতে নির্ধারিত সময়ে না যাওয়ায় তার মোবাইলে ফোন করা হলেও ধরেননি। এ কারণে ক্লাব কর্মকর্তারা রুমে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।’
পুলিশ ও স্বজনদের ধারণা, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।