প্রত্যেকটা উপদেষ্টা বিদেশি নাগরিক, গণ্ডগোল লাগলেই চলে যেতে পারবে: রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সেইফ এক্সিটের কথা কি আর বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আমি-আপনি। আমাদের কোনও দেশের ভিসা লাগানো নাই।’

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, ‘সরকারকে অনুরোধ করি, এমন কোনও কাজ করবেন না, এমন কোনও অপকর্মে জড়াবেন না, এমন কোনও দুর্নীতি করবেন না, এমন কোনও ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা ধরেই আমরা এগোচ্ছি। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না, সেই দলের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব না- সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে হুঁশিয়ারি দেয়- ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।’

নিজের দলের প্রতি রুমিন ফারহান বলেন, ‘অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।’

তিন বলেন, ‘আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ। ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ।’

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।