রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) বিকালে চুরির বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ভোটকেন্দ্র উপলক্ষে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বুধবার রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরদের কোনও ফুটেজ ধরা পড়েনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। একইসঙ্গে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি তিনটি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।’
রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।