চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হঠাৎ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলীয় অফিসে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম বলেন, ‘ভবনের দ্বিতীয় তলা ও ছাদে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল। ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে বহিরাগত লোকজন ও টোকাইদের আনাগোনা ছিল এবং তারা সেখানে সিগারেট খেতো। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে নির্দিষ্টভাবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’