চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, এনামুল হক রাসেল ও তার মা বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে নতুন ভিটাবাড়িতে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে যান। এ সময় তারা বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ওসি হাফিজুর রহমান মানিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।