বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ৩০

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। ভোর ৫টায় বাসটি সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ের আঁকাবাঁকা ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের অধিকাংশ যাত্রীরা গুরুতর আহত হন।    

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ানের (২৮) অবস্থা আশঙ্কাজনক।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ধীমান দাশ বলেন, ‘পর্যটকবাহী সৌদিয়া পরিবহনের বাস পাহাড়ি খাদে পড়ে গিয়ে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। তার মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে থাকা ৪০ জনের মতো পর্যটক ছিলেন। এর মধ্যে ৩০ জন কমবেশি আহত হয়েছেন।’