লঞ্চের তলায় ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক যাত্রী

রাঙামাটিতে কাপ্তাই লেকে জুরাছড়ি-রাঙামাটি নৌপথে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ছিদ্র হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পাগুজ্যেছুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শতাধিক যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে জুরাছড়ি থেকে রাঙামাটি সদরের দিকে যাচ্ছিল। পথে পানির নিচে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ছিদ্র হয়ে যায়। এরপর পানি উঠতে থাকে। পরে যাত্রীদের পাড়ে নামিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, ‘অন্য একটি নৌযান দিয়ে যাত্রীদের গন্তব্যে আনা হয়েছে। লঞ্চটিকেও রাঙামাটি নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি পাগুজ্যেছুরি এলাকায় পৌঁছালে পানির নিচে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চটির তলা ছিদ্র হয়ে যায়। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি তীরের কাছাকাছি নিয়ে যান। সেখানে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।’