সালিশে দুই ভাইকে পিটুনি, একজনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে সালিশ বৈঠকে দুই ভাইকে পিটুনির অভিযোগ উঠেছে। এ সময় এক ভাইয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর ভাই হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবছার। আহত অপরজন হলেন তার ভাই মোহাম্মদ রাসেল। তারা ওই গ্রামের নবীউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, টিউবওয়েল ও তার চুরির অভিযোগ এনে গতকাল বিকাল ৫টার দিকে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রামে সালিশ বসানো হয়। এ সময় স্থানীয় একদল লোক তাদের চোর সন্দেহে বৈঠকেই লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। পরে অন্যরা গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে ভুজপুর থানার ওসি বিপুল দে বলেন, নিহত ও আহত দুই জন ভাই। তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে সালিশ বৈঠক বসান গ্রামের কিছু লোক। এ সময় এক পক্ষ লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে পিটুনি দেয়। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।