নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ই এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন প্রকার অনিয়মের জন্য ৫০ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয়। এ ছাড়া চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখায় ১ লাখ টাকা জরিমানা ও রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও চাটখিল থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ‘রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’