চট্টগ্রাম বন্দরে এসেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও চারটি জাহাজ। এগুলো বন্দরের জেটিতে নোঙর করেছে। বর্তমানে জাহাজগুলো থেকে জ্বালানি খালাসের প্রক্রিয়া চলছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানান।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করেছে। এর মধ্যে ভারত থেকে এলপিজি নিয়ে ৩১ মার্চ বন্দরে পৌঁছায় একটি জাহাজ। বর্তমানে এটি ‘ভাটিয়ারি’ এলাকায় অবস্থান করছে এবং জ্বালানি খালাসের প্রক্রিয়া চলছে।

মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে ‘ডিওজে-৬’ জেটিতে অবস্থান করছে এবং আগামী ৭ এপ্রিলের মধ্যে গ্যাস অয়েল খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছে। বর্তমানে এটি ‘এফএসআরইউ’-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাস প্রক্রিয়া শেষ হবে।

পাশাপাশি চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। বর্তমানে এটি ‘চার্লি’ এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এলপিজি খালাস কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা আছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা ও তাদের মধ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত (ব্রেন্ট ক্রুড অয়েল) তেলের আমদানি বন্ধ হয়ে যায়। এর মধ্যে ৩১ মার্চ পর্যন্ত ৩৮টি জাহাজ বন্দরে এসেছে বিভিন্ন জ্বালানি তেল নিয়ে। এপ্রিল মাসের চলতি সপ্তাহে জ্বালানি নিয়ে আসে ছয়টি জাহাজ।

সবশেষ শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। একই দিন চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি ডিজেল নিয়ে বন্দরে আসা নবম জাহাজ।