শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ আট লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার (১১ এপ্রিল) সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগ তল্লাশি করে ২০০ কার্টন মার্লবোরো সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের মূল্য আট লাখ ২০ হাজার টাকা। এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থার নজরদারি জোরদার থাকবে।