কুমিল্লার দেবিদ্বারে জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছেন তার ছেলে। শনিবার (১৬ মে) দেবিদ্বার পৌরসভার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছেনু মিয়া ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পর তার বড় ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) গা ঢাকা দিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতক রাসেল একজন মাদকসেবী। তিনি প্রায়শই মাদকের টাকার জন্য তার বাবার গায়ে হাত তুলতেন। সম্প্রতি ছেনু মিয়া রাসেলকে না জানিয়ে তার একটি জমি বিক্রি করেন। রাসেল সেই খবর জেনে যান।
শনিবার দুপুরে রাসেল জমি বিক্রির টাকার ভাগ দেওয়ার জন্য তার বাবাকে চাপ দেন। এ সময় বাবা-ছেলের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল তার বাবাকে একটি লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহত ছেনু মিয়াকে প্রথমে ঘরে রেখেই শুশ্রূষা করেন স্বজনরা। দুপুর দেড়টার দিকে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছেনু মিয়ার প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত রাসেল রোজগারের সব টাকা মাদকের পেছনেই ওড়াতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এমনকি তার বাবাকেও কয়েকবার মারধর করেছেন। বাবাকে সবসময়ই টাকার জন্য চাপ দিতেন। টাকা না পেলেই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কোনও মামলা করা হয়নি। ঘাতক রাসেল গা ঢাকা দিয়েছে। আমরা তাকে আটকের চেষ্টা করছি।