লক্ষ্মীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এম এ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথোপকথনের অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় তিন মিনিটের ওই রেকর্ডিংয়ে তাকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা এবং গেরিলা বাহিনী গড়ে তোলার বিষয়ে কথা বলতে শোনা যায়। তবে রেকর্ডিংটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন বিপ্লব।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রেকর্ডিংটি প্রতিবেদকের হাতে আসে। এতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বিপ্লবকে বলতে শোনা যায়, গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।
বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সভাপতি। তার ছোট ভাই একেএম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
রেকর্ডিংয়ে যা শোনা যায়
রেকর্ডিংয়ের শুরুতে বিপ্লবকে মামুনের সঙ্গে কুশল বিনিময় করতে শোনা যায়। এ সময় তিনি জানান, জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, টিপুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে সংগঠনের কার্যক্রম এলোমেলো হয়ে পড়েছে। তিনি রাজনীতি ছেড়ে সামাজিক কাজে যুক্ত হওয়ার কথা ভাবলেও দেশের বর্তমান পরিস্থিতিতে ছোট ভাইকে সহযোগিতা করতে আবারও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কথোপকথনের একপর্যায়ে বিপ্লব বলেন, সামনে ধরো গেরিলা যুদ্ধ-টুদ্ধ হবে, এ রকম পরিস্থিতি হইতাছে আস্তে আস্তে। এরপর নিজেদের এলাকার দুই-তিনটি ইউনিয়ন থেকে দেড়শ’ লোক জড়ো করে একটি নির্দিষ্ট স্থানে মিছিলের মতো কর্মসূচি করার পরিকল্পনার কথা বলেন তিনি। তার প্রস্তাব অনুযায়ী, মুখ ঢেকে গেরিলাদের মতো পোশাক পরে ব্যানার নিয়ে স্লোগান দিয়ে এক-দুই মিনিটের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে।
রেকর্ডিংয়ের অন্য একটি অংশে বিপ্লবকে আরও বলতে শোনা যায়, ৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।
এরপর বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দাড়ুম-দুড়ুম বাড়িঘর জ্বালাই দিবো, কিন্তু কোনও কুরআন শরীফ ঘরে আছে কি না, জায়নামাজ, টুপি এগুলো বাহির করতে হইবো। কোনও বউ-বাচ্চা, বুড়া-বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
কথোপকথনে বিএনপি নেতাকর্মীদের হত্যার পর তাদের লাশ নিয়ে যাওয়ার কথাও বলতে শোনা যায়। এ ছাড়া কয়েকজনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা এবং এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেন তিনি বলে রেকর্ডিংয়ে শোনা যায়।
আরেক পর্যায়ে বিপ্লবকে একটি মিছিলের ব্যানার তৈরির বিষয়ে কথা বলতে শোনা যায়। সেখানে শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও তার বাবা এম এ তাহেরের ছবি রাখার কথা বলেন তিনি। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শিরোনাম ব্যবহারের প্রস্তাবও দেন।
রেকর্ডিংয়ের শেষ দিকে বিপ্লব আবারও পাঁচ-ছয়জন বিশ্বস্ত গেরিলা সদস্য প্রস্তুত রাখার কথা বলেন। তাদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখতে এবং লক্ষ্মীপুরে অবস্থান করতে হবে বলে উল্লেখ করেন। পরিস্থিতি অনুকূলে এলে তাঁর সংকেত অনুযায়ী হামলা চালানোর কথাও বলতে শোনা যায় তাকে।
বিপ্লবের দাবি, এআই দিয়ে তৈরি
এ বিষয়ে জানতে চাইলে আফতাব উদ্দিন বিপ্লব হোয়াটসঅ্যাপে বলেন, রেকর্ডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, রেকর্ডিংটি আমাদের নজরে এসেছে। আমরা কাজ করছি। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।
হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয়েছিল বিপ্লবের
আফতাব উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে অতীতেও একাধিক হত্যা মামলা ছিল। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী নুরুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত ওই হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।
২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব। পরে তার প্রাণভিক্ষা চেয়ে তৎকালীন রাষ্ট্রপতির কাছে আবেদন করেন বাবা এম এ তাহের। ওই বছরের ১৪ জুলাই রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরবর্তী সময়ে কামাল ও মহসিন হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। এ ছাড়া ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও রাজনৈতিক বিবেচনায় তার নাম প্রত্যাহার করা হয়।
২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আবারও আলোচনায় আসেন বিপ্লব। পরে ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
এদিকে ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে বিপ্লবদের বাড়ির সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অন্য আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থী হত্যার ঘটনায় করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। এসব মামলার অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব, তার দুই ভাই টিপু ও শিবলু এবং পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।