ফটিকছড়িতে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত, গাড়িতে আগুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন দিয়েছে। সোমবার (১ জুন) সকাল ৯টায় উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী শাহজাহান ও তার ছেলে আরিফ।

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ রবিউল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, মোটরসাইকেলে করে বাবা ও ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম শহরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছে। একপর্যায়ে দুর্ঘটনায় জড়িত বিআরটিসির বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।