লক্ষ্মীপুরের কমলনগরে দুই বোনকে গণধর্ষণ মামলার প্রধান আসামি খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে তোরাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ২৯ মার্চ রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ। শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে তাদের পাঠিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার দু’জনের ভাইসহ স্থানীয়রা জানান, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুর রহিম দুলাল মাঝির চাচাতো ভাই ও নিকটাত্মীয় হওয়ার কারণে মীমাংসার নামে সময়ক্ষেপণ করে ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি ধর্ষিতাদের উপকার করতে চেষ্টা করেছি।
ওসি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ভিকটিমরা ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা নেয়া হয়েছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এইচকে/