ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক ব্যক্তির মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি ব্রাজিলের জার্সি পরে মসজিদ থেকে জুতা চুরি করেছেন বলে জানিয়েছেন কয়েকজন মুসল্লি। গত সোমবার শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বুধবার (১০ জুন) এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই মসজিদের মুসল্লিদের অভিযোগ, শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি ছিল।
বুধবার দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মসজিদের সিসিটিভি ফুটেজ দেখে জুতা চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের জানায়নি। ফেসবুকে ভিডিও দেখেছি, চুরির অভিযোগে তার চুল কেটে দেওয়ার দৃশ্য। তবে মসজিদ পরিচালনা কমিটি বা অন্য কোনও ব্যক্তি এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’