ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার। জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড চালিয়ে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা ভারতে থাকলেও তাকে ফেরানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না তারা। এজন্য ভারতকে চাপ দিচ্ছে না।’ 

শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। শনিবার চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শুধু মুসলিম পরিচয়ের কারণে প্রায় ৩০ লাখ মানুষকে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। তারা সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন। এটি বাংলাদেশের ওপর ভারতের চাপের অংশ। জিয়াউর রহমানের শাসনামলেও সীমান্তের ওপার থেকে চাপ তৈরি করা হয়েছিল। এখন একইভাবে শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা চলছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এখানে নমনীয় ভূমিকা দেখাচ্ছে বিএনপি সরকার।’

তিনি বলেন, ‘আমরা যদি মাঠে নামি তাহলে সেটাকে মব বলা হয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে মাঠে নেমে মিছিল করে এ বিষয়ে সরকার ও প্রশাসনকে জবাবদিহি করতে হবে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে তারা যেন কোনও সহিংস সিদ্ধান্ত নিতে না পারে, তা নিশ্চিত করা। জুলাই আন্দোলনের সময় তারা ১৪০০ মানুষকে হত্যা করেছিল, যার বিচার হওয়া উচিত।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌‘বর্তমান রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের অর্থ যারা লুট করেছে তা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। মিডিয়া সেক্টরেও কিছু ব্যক্তি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার ষোলশহর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-উলামা এবং মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সবার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়।