খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী সেচ প্রকল্পের ৪০টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অতিরিক্ত পানি দ্রুত বঙ্গোপসাগরে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে পানির প্রবাহ বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুহুরী সেচ প্রকল্পের সবগুলো ৪০টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‌‘জলকপাটগুলো খোলা থাকায় উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানি দ্রুত সাগরে চলে যেতে পারবে। আমরা সার্বক্ষণিক নদীর পানির উচ্চতা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পর্যবেক্ষণ করছি। কোথাও ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মুহুরী সেচ প্রকল্প ফেনী জেলার বন্যা নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর একটি। এই প্রকল্প সচল থাকায় অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয় এবং জেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি থেকে অনেকাংশে সুরক্ষিত থাকে।’

পাউবো জানায়, মুহুরী সেচ প্রকল্পের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিবিড় নজরদারি চলছে। প্রয়োজনে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে বাঁধ সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনও সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণসামগ্রী মজুত এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব দফতরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, উজানে বৃষ্টিপাত কমে এলে এবং পানি দ্রুত সাগরে নেমে গেলে ফেনীতে বড় ধরনের বন্যা পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।