চট্টগ্রাম নগরে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাত ১১টার পর অতি ভারী বর্ষণ চলতে থাকে, যা রবিবার দুপুরেও চলতে থাকে।
এতে নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা, কাতালগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জাকির হোসেন রোড ইস্পাহানি গেইট, চান্দগাঁও বহদ্দারহাট সমসের পাড়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন নানা প্রয়োজনে বের হওয়া লোকজন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রবিবার বেলা ১২টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন যে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে তা কাল সোমবার দুপুরের পর কিছুটা কমতে পারে।’
এদিকে, রবিবার দুপুরে পানিবন্দি চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় সঙ্গে ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান।