ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসের বাচ্চা বেচাকেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সাতগাঁও গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, একই এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীকে হত্যা করেছেন।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আলীর কাছে রবিবার দুপুরে ৬টি হাঁসের বাচ্চা বিক্রি করেন দুদু মিয়া ও তার স্ত্রী। বাচ্চাগুলো কিনে মোহাম্মদ আলী বাড়িতে যান। এর কিছুক্ষণ পর দুটি হাঁসের বাচ্চা মরে যায়। পরে মোহাম্মদ আলী ও তার স্ত্রীসহ গ্রামের আরও কয়েকজন অবশিষ্ট চারটি হাঁসের বাচ্চা সঙ্গে নিয়ে ফেরত দিতে যান। পাশাপাশি ক্রয়কৃত পুরো টাকা দুদু মিয়ার কাছে দাবি করেন মোহাম্মদ আলী। এই টাকা চাওয়ায় উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দুদু মিয়া লাঠি দিয়ে মোহাম্মদ আলীকে বাড়ি দেন।এতে ঘটনাস্থলে মোহাম্মদ আলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাঁস নিয়ে ঝামেলার কথা শুনেছি। তবে ঘটনাটি হত্যা কিনা বিষয়টি আমরা নিশ্চিত নই। আপাতত ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। কারণ নিহতের শরীরে আমরা কোনও আঘাতের চিহ্ন পাইনি। তাই লাশ ময়না তদন্তের জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।