বান্দরবানের সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। এখনও তার খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ পর্যটকের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে সেখানে ডুবুরিদল রওনা হয়েছে। ঘটনার পর বিজিবি ও স্থানীয়রা সেখানে উদ্ধার অভিযান চালায়।
জানা গেছে, শুক্রবার ৩টার দিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আলীকদম হয়ে আসা ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দুটি। উজানের দিকে যাওয়ার এক পর্যায়ে নদীর খরস্রোতে একটি নৌকা উল্টে যায় এবং নৌকায় থাকা পর্যটক নিখোঁজ হন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়া আগে প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি ওই দলের পর্যটকরা। ফলে নিখোঁজ পর্যটকের পরিচয় এখনও নিশ্চিত হয়নি প্রশাসন।
তবে দুর্ঘটনার পর তিন্দুর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।