সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬ টায় ‘এফবি নিশান-২’ নামক একটি ফিশিং বোট ১৮ জন জেলেসহ মাছ আহরণ শেষে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে দুপুর ১টায় বোটের একজন জেলে মালিককে কল দিয়ে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়।

সেই তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ সমুদ্রে টহলে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান এবং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের করা হয়।