ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে শুঁটকি পল্লি, কোটি টাকার ক্ষতি

কক্সবাজারে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি উত্তাল রয়েছে সমুদ্র। জোয়ারের পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পাওয়ায় উপকূলের কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় ঝোড়ো হাওয়ায় তছনছ হয়ে গেছে শুঁটকি পল্লি। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুঁটকি পল্লির ব্যবসায়ীরা বলছেন, সোমবার মধ্যরাতে তীব্র ঝোড়ো হাওয়ায় শহরের নাজিরারটেক শুঁটকি পল্লির ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসের তীব্র গতিতে শুঁটকি পল্লির বিভিন্ন ঘর উড়ে গিয়ে কমপক্ষে এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, সোমবার গভীর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই ভয়াবহ দুর্যোগ আঘাত হানে। আকস্মিক এই ঝড়ে পল্লির বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। মাত্র কয়েক মিনিটের এই তাণ্ডবে শুঁটকি মহালের অন্তত ১২টি উৎপাদন ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একই সাথে মাচায় শুকানোর জন্য রাখা এবং গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ কাঁচা ও প্রক্রিয়াজাতকৃত মাছ বাতাসে উড়ে গিয়ে এবং বৃষ্টির পানিতে ভিজে পচে নষ্ট হয়ে যায়।

কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল হান্নান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাবে কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।