দুই বছর বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ, তবে ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে এই উৎসব। তবে সতর্কতা হিসেবে ‌‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে তিতাস নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের জেলা থেকেও নৌকাবাইচ দেখতে আসেন অনেকেই। তবে গত ২০২৪ ও ২০২৫ সালে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়নি।

আজ জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন ও সিনিয়র সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।

সভায় নৌকাবাইচ প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে প্রতিযোগিতা উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচানাচি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘নৌকাবাইচ দেখতে যারা আসেন তাদের মধ্যে নৌকায় সাউন্ডবক্স বাজায় তরুণরা, তারা নাচানাচি করে- সেগুলো নিষেধ করা হয়েছে। এর আগে পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তরুণরা একটু বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায়, পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায়। এজন্য নাচানাচি বন্ধ থাকবে। নদীর যে অংশে বাইচ হবে, সেখানে অন্য কাউকে নামতে দেওয়া হবে না।’